খেলাধুলা

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১১:১১

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ছবি: সংগৃহীত

‘সুলিভান ব্রাদার্স’ নামটি এখন বাংলাদেশ ফুটবলেও বেশ পরিচিত। লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এবার তাদের বড় ভাই কুইন সুলিভান আলোচনায় এসেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে।

ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচে কথা কাটাকাটির একপর্যায়ে কুইন সুলিভানের ঘাড়ের পেছনে মৃদু চড় দেন মেসি। ঘটনাটি নিয়ে ব্যবস্থা নিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। মেসিকে জরিমানা করা হলেও এর পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ম্যাচটিতে ছিল একাধিক উত্তেজনাকর ঘটনা। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান।

তবে পরে কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এমএলএস। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতিক্রমে তার শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আরেক ঘটনায় মেসির ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি বক্সে বল নিয়ে এগোনোর সময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার পর কুইন সুলিভানের সঙ্গে জটলায় জড়ান ফ্রে। একপর্যায়ে তিনি সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে সুলিভান উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন। এ ঘটনায়ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এমএলএস, যদিও জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি।

ম্যাচটিতে মেসি একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। নিজের বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এটিই ছিল আর্জেন্টাইন মহাতারকার প্রথম গোল।

এদিকে, একই দিনে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ফাউলের প্রভাব বাড়িয়ে দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

খেলাধুলা থেকে আরো পড়ুন