সিলেট

সিলেটে হামে ৪২১ জন হাসপাতালে

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯

সিলেটে হামে ৪২১ জন হাসপাতালে

সিলেটে হামে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হাম বা সন্দেহজনক হাম রোগে কারও মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে হাসপাতালগুলোতে রোগীর চাপ এখনো কমেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২১ জন সন্দেহজনক হাম রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৪২১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন ১৪৮ জন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আটজন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, জকিগঞ্জে একজন, কোম্পানীগঞ্জে তিনজন, বিয়ানীবাজারে পাঁচজন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও সাতজন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

তবে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হওয়া এবং গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় আপাতত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। এর আগে সিলেট বিভাগজুড়ে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।

ফলে একদিকে নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় শূন্যে নেমে আসায় কিছুটা স্বস্তি তৈরি হয়েছে, অন্যদিকে হাসপাতালে এখনো ৪২১ জন সন্দেহজনক রোগীর চিকিৎসাধীন থাকা এবং একদিনে ১৫১ জনের নতুন করে ভর্তি হওয়া পরিস্থিতির চাপ যে পুরোপুরি কমেনি, তা স্পষ্ট।

সিলেট থেকে আরো পড়ুন