ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে কি কখনো একই দলের জার্সিতে দেখা যাবে? এমন সম্ভাবনার কথাই সামনে এসেছে আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। আগামী ডিসেম্বরে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে ফুটবল ইতিহাসের দুই মহাতারকাকে একই দলে খেলানোর পরিকল্পনা করছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা।
‘টিএনটি স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিদায়ী ম্যাচ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্স কর্তৃপক্ষের সঙ্গে এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছেন তেভেজ। সেখানে মেসি ও রোনালদো দুজনকেই আমন্ত্রণ জানানোর ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
তেভেজের বর্ণাঢ্য ক্যারিয়ারে যাদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করেছেন, এমন প্রায় ৬০ জন ফুটবলারকে বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থদের অনেকেই সেখানে থাকতে পারেন।
তবে মেসি ও রোনালদো দুজন একসঙ্গে মাঠে নামলে সেটি হবে পুরো আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ। একই দলে ফুটবলের দুই প্রজন্মসেরা তারকাকে দেখার এমন সুযোগ হবে বিরল এবং প্রায় নজিরবিহীন।
২০২২ সালের জুনে পেশাদার ফুটবলকে বিদায় জানান তেভেজ। চীনে সংক্ষিপ্ত সময় কাটানোর পর বোকা জুনিয়র্সে ফিরে ক্যারিয়ারের শেষটা করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ২৭৯ ম্যাচ খেলেছেন তেভেজ, গোল করেছেন ৯৪টি এবং জিতেছেন ১১টি শিরোপা।
খেলা ছাড়ার পরও কোচিংয়ের মাধ্যমে ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তেভেজ। আর্জেন্টিনার রোসারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে ও তায়েরেস কর্দোবার দায়িত্ব পালন করেছেন তিনি।
তেভেজের বিদায়ী ম্যাচের সম্ভাব্য ভেন্যু বোকা জুনিয়র্সের বিখ্যাত স্টেডিয়াম লা বোম্বোনেরা। আর্জেন্টাইন পেশাদার লিগের শেষ পর্বের সঙ্গে সূচির সংঘাত এড়াতে আগামী ১২ বা ১৩ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেটি সম্ভব না হলে ১৮ বা ১৯ ডিসেম্বর বিকল্প তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে ওই সময় বোকা জুনিয়র্সের নিজেদের ম্যাচ থাকলে লা বোম্বোনেরা তেভেজের বিদায়ী ম্যাচের জন্য পাওয়া যাবে না। ফলে আয়োজনের চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত হয়নি।
সবকিছু পরিকল্পনামতো এগোলে ডিসেম্বরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা পেতে পারেন এক অবিশ্বাস্য দৃশ্য, একই দলের জার্সিতে মেসি ও রোনালদো।
খেলাধুলা থেকে আরো পড়ুন