প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে বিভিন্ন অপরাধে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে,শুক্রবার( ৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী, ৮৮২ পিস ভারতীয় কিটক্যাট চকলেট, ১০ হাজার শলাকা মালবোরো সিগারেট এবং ৯০০ কেজি ভারতীয় চা-পাতা।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ১৮০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১০০টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন