সুনামগঞ্জের ছাতকে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে মন্ডলীভোগ ও মোগলপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের মন্ডলীভোগ ও মোগলপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে পৌর শহরের একটি ফার্মেসিতে ডাক্তার দেখাতে গিয়ে সিরিয়াল আগে-পরে করাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
পরে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়লে মন্ডলীভোগ ও মোগলপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে আরো পড়ুন