আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগরীতে থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেন। একই সঙ্গে তাঁর পক্ষে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে মেয়রপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি ড. বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতি ও সততার প্রতীক হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক অবস্থান ও দলের বার্তা নগরীর ঘরে ঘরে পৌঁছে দিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে সিলেট মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ইউনিটের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। প্রার্থীর নাম ঘোষণার পর উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় অবিলম্বে গণসংযোগ জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সিলেট থেকে আরো পড়ুন