সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে মানবপাচারের শিকার ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল মীরেরচক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৮ জনের মধ্যে একজন নারী, তিনজন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। একই অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগমকে আটক করা হয়। তিনি মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক রেনু বেগম, তার স্বামী রুবেল মিয়া ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কৌশলে লোকজন সংগ্রহ করে নিজেদের বসতবাড়িতে এনে আটক রাখতেন। পরে তাদের অবৈধভাবে বিদেশে পাচার করা হতো বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া ৮ জনকেও একই উদ্দেশ্যে ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় ৩ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৬। মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৭/৮/১০ ধারায় মামলাটি রুজু করা হয়।
আটক রেনু বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার এবং মানবপাচারের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন