সিলেট বিভাগে থামছে না হামের প্রকোপ। দিন দিন বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। নতুন করে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ১৪৬ জন।
এ নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এর মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে সিলেট জেলায়। এ জেলায় ৩৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮৪ জন।
এদিকে, হাম রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল দুটির হাম ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১০০ শয্যার হাম ইউনিটে বর্তমানে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন। অন্যদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৭০ জন।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমেই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা এবং হাম প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সচেতনতা বাড়ানো জরুরি।
সিলেট থেকে আরো পড়ুন