সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৫৯

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২২

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৫৯

সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে।

একই সময়ে নতুন করে ১৪৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৪৬ জনের মধ্যে ৪৯ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন মাউন্ট এডোরা হাসপাতালে, ৫ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৯ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ৪৫৭ সন্দেহজনক হাম রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৬ জন রয়েছেন। মৌলভীবাজার সদর হাসপাতালে ৩৫ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪২ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি হবিগঞ্জ জেলার বাসিন্দা। দুই বছর বয়সী ওই শিশু হাম উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলা ভিত্তিক হিসাবে, সিলেটে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৬০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৮ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন।

মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৩ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। আর সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৫৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৪৯ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে হাম ও রুবেলা রোগে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান বলছে, সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে একদিনে নতুন করে ১৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সিলেট থেকে আরো পড়ুন