প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১
দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরব থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার দুই প্রবাসী। হাতে ছিল দেশে ফেরার বিমানের টিকিট, আর বাড়িতে অপেক্ষায় ছিলেন স্বজনরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। দেশে ফেরার টিকিট হাতে থাকলেও শেষ পর্যন্ত বিমানে ওঠা হয়নি তাদের।
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তায়েফ থেকে জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার সময় আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
নিহত দুই প্রবাসী হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।
জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। প্রিয়জনদের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে তারা লাগেজ গুছিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা।
দুই প্রবাসীর মৃত্যুর সংবাদ দেশে তাদের নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনদের দেশে ফেরার অপেক্ষায় থাকা পরিবারগুলোর আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্নায়। পুরো এলাকায় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।
দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে যান। এ ঘটনায় পরিবার দুটির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। সেই শোক কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।
এরই মধ্যে আবারও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসীর মৃত্যুতে উপজেলাজুড়ে নতুন করে শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
সিলেট থেকে আরো পড়ুন