প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭
শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও ঝরে পড়া রোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের উদ্দেশ্য শুধু স্বাক্ষরতার হার বাড়ানো নয়; বরং মানুষকে পড়তে, লিখতে এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক জ্ঞান কাজে লাগানোর সক্ষমতা অর্জনে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য। যারা এখনো শিক্ষার সুযোগের বাইরে রয়েছেন, তাদের শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। অভিভাবকদের বারবার আহ্বান জানানো হলেও অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে তাদের উপস্থিতি আশানুরূপ নয়।’
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ডিসি আরও বলেন, শিক্ষার সঙ্গে শিশু-কিশোরদের মাদকাসক্তি প্রতিরোধের বিষয়টিও ঘনিষ্ঠভাবে জড়িত। কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ে পড়াশোনার বাইরে চলে গেলে সে বিভিন্ন সামাজিক ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং নিয়মিত পড়াশোনা করছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং ঝরে পড়া প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোকে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন