সিলেটে হঠাৎতাপমাত্রা বেড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তি বেড়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেটে চলতি বছরের সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাজীব হোসাইন জানান, সোমবার বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ বছরের সর্বোচ্চ।
তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পথচারীরা। দুপুরের পর নগরের সড়কে মানুষের চলাচল কমে যায়। অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন, আবার কেউ ঠান্ডা পানীয় ও শরবতের দোকানে ভিড় করছেন।
বন্দবাজার ব্যবসায়ী সুলেমান হক বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসার পানি সরবরাহসহ রান্নার কাজে সমস্যা হচ্ছে। রিকশাচালক হাসমত মিয়া বলেন, গরমে যাত্রীও কমে গেছে, তাই দুপুরের আগেই বাসায় ফিরেছেন।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটে গরমের ভোগান্তি আরও বেড়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, সিলেটের কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে তিন-চার দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এতে সিলেট অঞ্চলে লো-ভোল্টেজ দেখা দেওয়ায় ভোল্টেজ নিয়ন্ত্রণে লোডশেডিং বাড়াতে হচ্ছে।
পিডিবি সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী ইমাম হোসেন বলেন, কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় লো-ভোল্টেজের সমস্যা হচ্ছে। ভোল্টেজ স্বাভাবিক রাখতে লোডশেডিং বাড়াতে হচ্ছে। তবে ত্রুটি সারাতে কতদিন লাগবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
সিলেট থেকে আরো পড়ুন