সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
এ পরিস্থিতির মধ্যেই উপাচার্য পদে পরিবর্তন আনা হলো।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর চলমান সংকট ও অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরবে।
সিলেট থেকে আরো পড়ুন