সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭৯

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৪

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জন। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন ৫৬৩ জন।

চলতি বছরের শুরু থেকে সিলেট জেলায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৯৬ জন। হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের হিসাবের মধ্যে রুবেলা রোগী রয়েছেন দুজন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সরকারি প্রতিবেদনে শিশুটির বয়স আট মাস বলে উল্লেখ করা হয়েছে। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা।

সন্দেহজনক হামেই মৃত্যু ১৬৯ জনের
মৃত্যুর হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট বিভাগে ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৬৮, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জন মারা গেছেন।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ নিশ্চিত হাম রোগে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর হিসাব একত্র করলে সিলেটে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭২ জনে। হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।

হাসপাতালে রোগীর চাপ অব্যাহত
হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যাও কমছে না। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও পাঁচজন।

এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৬৩ সন্দেহজনক রোগীর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে তিনজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি আছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে পাঁচজন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে ছয়জন, গোলাপগঞ্জে ১১ জন এবং ফেঞ্চুগঞ্জে দুজন রয়েছেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বর্তমানে ৫২ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন