সিলেট

গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৮

গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সুমনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষিকা রেখা রানী কর্মকার।

এ সময় আরও বক্তব্য দেন গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আসিম চক্রবর্তী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, অভিভাবক দেলোয়ার হোসেন মাসুক এবং শিক্ষার্থী মারুফা হোসেন ইমু, জাসমিতা আফরিন ও ফাউজিয়া ফেরদৌস মিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, নারী শিক্ষার প্রসারে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সাহস, সততা ও নিষ্ঠাকে পুঁজি করে তোমাদের আগামী দিনের পথ চলতে হবে।” উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সিলেট থেকে আরো পড়ুন