ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৫ ও ৬ নভেম্বর দুই দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেলের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
উপাচার্য বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান তাপমাত্রা, বায়ুদূষণ এবং দ্রুত নগরায়ণের ফলে আজ মানবজীবন ও প্রকৃতি নানা সংকটের মুখোমুখি। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্যবাহী নির্মাণশৈলী ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই স্থাপত্য গড়ে তোলার ওপর জোর দিতে হবে।”
তিনি আরও বলেন, “গ্রিন আর্কিটেকচার সবার জন্য সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও সংস্কৃতিবান্ধব হতে হবে। শক্তির সাশ্রয়, প্রাকৃতিক বায়ু চলাচল, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের চেয়ার ও বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ার্দার। এ সময় সম্মেলনের কো-চেয়ার ও শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। তাঁর প্রবন্ধের শিরোনাম ‘Climate Urbanism: Grounding Actions, Reimagining Urban Futures’। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির ‘Habitat Co-creation with Communities’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন।
সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাসন উন্নয়নে বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে একটি স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।
শিক্ষা থেকে আরো পড়ুন