সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১২টা থেকে বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ টাকা, একটি চোরাই মোটরসাইকেল এবং ২৪৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে।
অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭০টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট থেকে আরো পড়ুন