প্রতিকী ছবি
সিলেটের কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তাঁর দূর সম্পর্কের চাচা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল মিয়া জানিয়েছেন, কয়েক দিন আগে রুস্তম আলী তাঁকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ ঘটনায় তাঁর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তাঁর ওপর হামলা চালান বিল্লাল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেট থেকে আরো পড়ুন