শিক্ষা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৫:৪৪

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

ছবি: সংগৃহীত

ফলাফলে রীতিমত ধস নেমেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। অকৃতকার্য হয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী; সংখ্যায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তবে এবারই প্রথম একই সেশনে নিজেদের প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা। আগামী এক মাসের মধ্যে তাদের জন্য নতুন করে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এবার জানা গেল, আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে এই সময়ের মধ্যেই অনুষ্ঠেয় ওইসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে অকৃতকার্য হয়েছে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে। এর প্রেক্ষিতে ফলাফল ঘোষণার দিনে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এরই ধারাবাহিকতায় এইচএসসিতে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পুনঃপরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা থেকে আরো পড়ুন