প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৯০ বোতল ফেনসিডিল ও ৩ হাজার ৩০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩ হাজার ৩০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট এবং ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৮১টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট থেকে আরো পড়ুন