সিলেট

সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে সিসিক প্রশাসকের অভিযান

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১০:৪৭

সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে সিসিক প্রশাসকের অভিযান

সিলেট নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনে অভিযান শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন সিসিক প্রশাসক।

অভিযানকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য এবং সড়ক যানবাহন চলাচলের জন্য। ফুটপাত ও সড়কে পণ্য নিয়ে বসার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং নগরীতে যানজটের সৃষ্টি হয়। তাই কোনো অবস্থাতেই ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না।

তিনি আরও বলেন, নগরভবনের পেছনে হকার মার্কেটে ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত স্থান রয়েছে। হকাররা সেখানে বসে ব্যবসা করতে পারবেন। তবে কোনোভাবেই সড়ক কিংবা ফুটপাত দখল করে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। নগরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী, হকার ও নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা প্রথমে ফুটপাত ও রাস্তায় বসা হকারদের সরে যাওয়ার অনুরোধ করছি। সে অনুযায়ী মাঠে নেমে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরও কেউ যদি আবার ফুটপাত বা রাস্তায় পসরা নিয়ে বসেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, নগরবাসীর স্বার্থে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন