সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১ কেজি গাঁজা ও ১৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৯টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন