চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। গত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
গত বছর (২০২৫) সিলেট বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। ২০২৩ সালে ৭১ দশমিক ৬২, ২০২২ সালে ৮১ দশমিক ৪০, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ এবং ২০২০ সালে পাসের হার ছিল শতভাগ।
এ ছাড়া ২০১৯ সালে পাসের হার ছিল ৬৭ দশমিক ০৫ শতাংশ, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭ শতাংশ, ২০১৭ সালে ৭২ শতাংশ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ শতাংশ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ শতাংশ এবং ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬ শতাংশ।
বোর্ড সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ওই বছর আগের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সবাইকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেএসসি ও এসএসসি পরীক্ষার কিছু নম্বর বিবেচনায় নিয়ে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছিল। ফলে ওই দুই বছরের পাসের হার ছিল স্বাভাবিক সময়ের তুলনায় বেশি।
এদিকে, চলতি বছরের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা কমে যাওয়ায় সিলেট শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
সিলেট থেকে আরো পড়ুন