প্রতিকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুনিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার দ্বিতীয় মেয়ে এবং চৌধুরী বাজার জি.এস. কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া মৃত্যুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সাপে কামড়ে নিহত শিক্ষার্থীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।
সুনিয়ার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট থেকে আরো পড়ুন