সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩০ পিস ইয়াবা, ১৪টি ভারতীয় শাড়ি এবং ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নিরাপদ নগরী গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন