সিলেট

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতার বিমানবন্দরে সিলেটী প্রবাসীর মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ১৯:১৩

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতার বিমানবন্দরে সিলেটী প্রবাসীর মৃত্যু

ছবি সংগৃহীত :

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (রাত) দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহেদ আহমদ সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। জীবিকার সন্ধানে প্রায় চার বছর আগে স্পেনে পাড়ি জমান তিনি।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি স্পেনে স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন জাহেদ। মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি। রাত ১২টার দিকে (বাংলাদেশ সময়) দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান।

বুধবার দুপুরে জাহেদের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। এ খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী জেনি বেগম। ছেলের অকাল মৃত্যুতে শোকাহত বৃদ্ধ বাবা মুহিবুর রহমানও।

জাহেদের চাচা পলাশ আহমদ জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দ্রুত মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করা হয়েছে।

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়ে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণের পর দেশে ফেরার পথেই জাহেদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

সিলেট থেকে আরো পড়ুন