সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদ (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রুপচেং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রুমিন আহমদ জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল রুপচেং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রুমিন আহমদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীর আটকের এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন