নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মধ্যনগর বাজারের শহীদ মিনারসংলগ্ন এলাকায় উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যা, হামলা ও হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও মো. আব্দুল মুসাব্বির এবং সাধারণ সম্পাদক মো. আল আমীন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সাংবাদিক মো. আসরাফ উদ্দিন হিল্লোল, শিহাব মিয়া, বাছির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী হত্যা মামলা করেন।
অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের বিচারের দাবি জানানো হয়।
গণমাধ্যম থেকে আরো পড়ুন