সিলেট

পুলিশের পোশাক পরে পূজামণ্ডপে গান, সিলেটে এএসআই ক্লোজড

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৩

পুলিশের পোশাক পরে পূজামণ্ডপে গান, সিলেটে এএসআই ক্লোজড

পুলিশের ইউনিফর্ম পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় সিলেটের জালালাবাদ থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ক্লোজড হওয়া পুলিশ সদস্যের নাম উজায়ের ফারুক।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উজায়ের ফারুক। ওই সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজামণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলাকালে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি। তাঁর গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে পুলিশ বিভাগে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিলেট থেকে আরো পড়ুন