সিলেট

সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৮:৪৩

সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির আবাসভূমিতে পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলা ও নির্বাচনী এলাকায় পূজার আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং আজ মৌলভীবাজারে এসেছেন। এবারের দুর্গাপূজা আগের বছরের তুলনায় অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী এবার পূজা উদ্‌যাপনে আরও বেশি সহযোগিতা করেছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি আরও সমৃদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আবদুর রহমান রিপন ও সিনিয়র সদস্য এম এ মুকিত। এ ছাড়া ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির সদস্য, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শন শেষে মন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার শ্রীশ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সিলেট থেকে আরো পড়ুন