প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পড়ে থাকা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) লাউয়াছড়া এলাকায় চলার সময় হুক ছিঁড়ে ট্রেনটির পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনসহ সামনের অংশ নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।
বিচ্ছিন্ন বগিগুলো লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বগিগুলো উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে থাকা ছয়টি বগির পরের ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ছয়টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন