ছবি: সংগৃহীত
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
সোমবার(২৮সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ছয় লাখ ত্রিশ হাজার টাকা।
এছাড়া, কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্ত সংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নং চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মোট ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য নিরানব্বই হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক এবং গরু বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন