সিলেট

সুনামগঞ্জে বিপুল পরিমাণ এসকাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২০

সুনামগঞ্জে বিপুল পরিমাণ এসকাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ১৪২ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া সাকিন নতুন কোর্ট পয়েন্টের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‌্যাবের দল আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে মাদকদ্রব্য এসকাফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১৪২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কোরবান আলীর ছেলে মো. আবুল কালাম (৩৯) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের মৃত সুখুমার দত্তের ছেলে কাঞ্চন দত্ত ওরফে ঝন্টু (৩৫)।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকসহ তাদের সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন