প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ২৩:৪৭
ছবি সংগৃহীত :
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রীর বাসভবনে সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী খায়রুল আলম এবং সদস্য আয়কর আইনজীবী কামাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, অর্থ আইন-২০২৬-এর কয়েকটি বিধান ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ব্যয়বহুল ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় স্বার্থ, জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় আইনটির কয়েকটি ধারা সংশোধনের দাবি জানানো হয়।
সমিতির পক্ষ থেকে ছয় দফা প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— সব ধরনের ব্যবসা ও পেশায় ১ শতাংশ টার্নওভার ট্যাক্স বাতিল করে পূর্বের মতো ৪ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রে ১ শতাংশ কর বহাল রাখা, সঞ্চয়পত্রের উৎসে পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫ শতাংশ কর প্রত্যাহার করে আগের চূড়ান্ত করদায় ব্যবস্থা বহাল রাখা, আপিল পর্যায়ে ১ শতাংশ কর পরিশোধের বিধান বাতিল, অংশীদারি ফার্মের আয় ব্যক্তি শ্রেণির করহার অনুযায়ী নির্ধারণ এবং ই-রিটার্ন ওয়েবসাইটের জটিলতার কারণে রিটার্ন দাখিলের সময়সীমা প্রণোদনাসহ ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে পর্যায়ক্রমে ৩০ জুন ২০২৭ পর্যন্ত বিদ্যমান সময়সূচি পুনর্বিবেচনা করা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদে আইনটি পাস হওয়ার পর ই-রিটার্ন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা নানা প্রযুক্তিগত জটিলতা ও আর্থিক চাপের মুখে পড়ছেন। তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত সংশোধনগুলো দ্রুত কার্যকর করে পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন