স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭৮টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আটটি ক্যাটাগরিতে এসব নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে কেবল সিলেট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
যেসব পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, আটটি পদে মোট ১৭৮ জন নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক শূন্য পদের সংখ্যা, বেতন ও শিক্ষাগত যোগ্যতা হলো—
১. পরিসংখ্যানবিদ: ৬টি পদ। ১৪তম গ্রেডে বেতন ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি পদ। ১৬তম গ্রেডে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
৩. কোল্ড চেইন টেকনিশিয়ান: ১টি পদ। ১৫তম গ্রেডে বেতন ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস হতে হবে।
৪. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান: ২টি পদ। ১৫তম গ্রেডে বেতন ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা। জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।
৫. ওয়ার্ড মাস্টার: ১টি পদ। ১৬তম গ্রেডে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস।
৬. স্টোরকিপার: ২টি পদ। ১৬তম গ্রেডে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এইচএসসি বা সমমান পাস হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিধি অনুযায়ী জামানত দিতে হবে।
৭. স্বাস্থ্য সহকারী: ১৫৫টি পদ। ১৬তম গ্রেডে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারাও আবেদন করার সুযোগ পাবেন।
৮. অফিস সহায়ক: ৭টি পদ। ২০তম গ্রেডে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। এসএসসি বা সমমান পাস হতে হবে।
বয়স ও আবেদনের শর্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখ চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের হলফনামা বা অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদন ফি ও পরিশোধের নিয়ম
অনলাইনে আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।
১৪তম থেকে ১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ২০তম গ্রেডের পদ এবং অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে মোট ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ফি অফেরতযোগ্য।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত, আবেদনপদ্ধতি ও অন্যান্য তথ্য জানতে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
সিলেট থেকে আরো পড়ুন