সিলেট

মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৮:৫৬

মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিয়ান আহমেদের। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে শহরের পশ্চিম বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় রিয়ান আহমেদের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতারে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে শনাক্ত করেন পুলিশ সদস্যরা। পরে প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় রিয়ান আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতার রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন