সিলেট বিভাগে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া তিন শিশুই সন্দেহজনক হাম রোগী ছিল। তাদের মধ্যে একজন সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। নিহত শিশুদের বয়স যথাক্রমে ৩ মাস ২২ দিন, ৬ মাস ও ১ বছর ৩ মাস।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫২৮ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৮ জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগীর চাপ রয়েছে সিলেটের দুটি হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮। অন্যদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন ৩৬ জনসহ বর্তমানে ভর্তি রয়েছেন ১০৭ জন। এ ছাড়া হবিগঞ্জের জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে ১ হাজার ৮৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০ জন।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ৯৪৬। এ ছাড়া সিলেটে ৪৮৬ জন, হবিগঞ্জে ২৮৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হাম নিয়ে মোট ২৩২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাঁদের মধ্যে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছিল ১০ জনের। বাকি ২২২ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম নিয়ে।
বিভাগজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সিলেট থেকে আরো পড়ুন