হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চুনারুঘাট থানাধীন দেওরগাছ এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো মতে, নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি পোটলার ভেতর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা এলাকার মৃত নিপেন মুন্ডার ছেলে অজয় মুন্ডা (২১), একই এলাকার মনু কর্মকারের ছেলে সূর্য কর্মকার (২৯) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগান এলাকার শিশুরায়ের ছেলে স্বপন রায় (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন