সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘব, কৃষিজমি রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রস্তাবিত নির্মাণকাজের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন আহমেদ ও অভিজিৎ দেবনাথ।
বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান এবং বর্তমান ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুবদল নেতা নুরুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লামনী, ঘুচর, খালপার, শেকর হাওর ও কদম খাল সীমার বাজার হয়ে পাতলীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকায় বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পানির সমস্যা, যোগাযোগের দুর্ভোগ এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতার কারণে এ অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছেন। বিশেষ করে অতিরিক্ত পানি ও জলাবদ্ধতার কারণে কৃষিজমি রক্ষা, ফসল উৎপাদন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় একটি টেকসই বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
পরিদর্শনকালে আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত ও কৃষিকাজসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্ষা মৌসুমে পানির কারণে কৃষি ও জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণ করা হলে কৃষিজমি সুরক্ষা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আলহাজ্ব আবুল কালাম আজাদ নিজ উদ্যোগে এলাকার রাস্তাটি নির্মাণ করে দিয়েছিলেন। তবে এরপর দীর্ঘদিন ধরে রাস্তায় নতুন করে মাটির কাজ কিংবা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।
আলহাজ্ব আবুল কালাম আজাদ আরও বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা এ সমস্যার স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন। বেড়িবাঁধ ও সুইস গেট নির্মাণ করা হলে কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি পুরো এলাকার আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রকল্পের কাজ শুরু এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগে দীর্ঘদিনের এ দাবি বাস্তবে রূপ নেবে এবং হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।
সিলেট থেকে আরো পড়ুন