প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:২৮
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের ঘিরে সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরের একটি পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান চালিয়ে বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই এবং টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান শুরু করে পুলিশ। হোটেলটি ঘিরে ফেলার পর সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে পুলিশের এই অভিযান। পরে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে চারজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিদের অবস্থান শনাক্ত করার পর হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে আটক চারজনকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, হোটেল থেকে চারজনকে আটকের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। ভোর পর্যন্ত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও হোটেলের সামনে অবস্থান করতে দেখা যায়। আটক ব্যক্তিদের বের করে আনার সময় সেখানে উপস্থিত কয়েকজনকে ‘ইনশাআল্লাহ, শেখ হাসিনা ফিরবে’ স্লোগান দিতে শোনা যায়।পরে পুলিশ আটক চারজনকে একটি মাইক্রোবাসে করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
তবে কী কারণে তাঁরা সিলেটে এসেছিলেন, কত দিন ধরে হোটেলটিতে অবস্থান করছিলেন এবং তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন