সিলেট

সিলেটে বিএনপির ৩ মন্ত্রীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৯:৪৭

সিলেটে বিএনপির ৩ মন্ত্রীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গ ও সহযোগী সংগঠনের নাশকতা এবং নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরসহ সিলেটের বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্ট্রারি মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এটি একটি মামলার রায়। এ ধরনের আরও শত শত মামলা রয়েছে, যেগুলোতেও একই ধরনের রায় হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে এলে তাঁকে কীভাবে আদর-আপ্যায়ন করতে হবে, তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।

সমাবেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীকে পাওয়া গেলে তাদের ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য অতীতের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনা দেশে ফিরতে হলে তাঁকে হ্যান্ডকাপ পরে ফিরতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, এমএ মালিক এমপি, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সিলেট থেকে আরো পড়ুন