সিলেট

হবিগঞ্জে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৪:৫০

হবিগঞ্জে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ২৮ দশমিক ৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—ইকরতলী গ্রামের মো. শাহিন মিয়া (২৫), মো. রনি মিয়া (২৪) ও মো. ইকবাল হোসেন (২১)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে অভিযান চালায় এসআরবির দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করেন। পরে তিনজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যান।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের ভেতরে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৮ দশমিক ৩ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯ জানায়, আটক তিনজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন