সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৫:৪৫

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো—সিলেট সদর উপজেলার আবুল খয়েরের পাঁচ মাস বয়সী সন্তান আবু সালেহ এবং নেত্রকোনার খালিয়াজুরী এলাকার মুতাকাব্বিরের ১০ মাস বয়সী সন্তান তৌহিদুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৩ জন। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯২১ জন, সিলেটে ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নতুন করে সন্দেহজনক হাম রোগী ভর্তির দিক থেকেও শীর্ষে রয়েছে সিলেট জেলা। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৯১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৫৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন।

এদিকে, আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ২১৫ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ৯৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৭৬ জন (সন্দেহজনক ৭৫, নিশ্চিত ১), হবিগঞ্জে ৩৫ জন (সন্দেহজনক ৩১, নিশ্চিত ৪) এবং মৌলভীবাজারে ১৭ জন (সন্দেহজনক ১৬, নিশ্চিত ১) মারা গেছেন।

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যানে সিলেট বিভাগে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।

সিলেট থেকে আরো পড়ুন