সিলেট

সিলেটে ভোররাতে ৪টি বাসে আগুন

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১৩:১৫

সিলেটে ভোররাতে ৪টি বাসে আগুন

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোররাতে দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিসংযোগের এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন