সিলেট নগরীতে পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ (৪২) এবং একই এলাকার বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মৃত খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা আরও একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেয়। এতে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপর একটি বাস আংশিক পুড়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় নেতা। বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া গ্রেফতারকৃত নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর দুই আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন