সিলেট

হবিগঞ্জে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০৮:২০

হবিগঞ্জে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ৫৫ বিজিবির বাল্লা বিওপির টহল দল। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। আটক ব্যক্তি সুবল চন্দ্র সরকার (৪১) সিলেট সদর থানার মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট এলাকার নদীরপাড় দিয়ে কয়েকজনের অবৈধভাবে ভারতে যাওয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় ধাওয়া করে সুবল চন্দ্র সরকারকে আটক করা হয়। রাতের অন্ধকারে অপর তিনজন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন। বিজিবি জানায়, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৭৩৩/২৫সহ আরও দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের জমরুত মিয়া (৪৬) ও মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের পরিমল সরকার (৩৬)। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন বাংলাদেশ থেকে ভারতে যেতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন