তথ্য প্রযুক্তি

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১৯:১৫

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ছবি সংগৃহীত :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না, ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের জন্য কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো তা দিয়ে, প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়।

শুক্রবার (৬ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘ইউএন গভর্ন্যান্স ইনোভেশন সামিট: অ্যাডভান্সিং ফিউচার-রেডি ইনস্টিটিউশনস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনের ‘চ্যালেঞ্জিং কনভেনশনাল অ্যাপ্রোচ টু গভর্ন্যান্স ইনোভেশন অ্যান্ড অ্যান্টিসিপেটরি গভর্ন্যান্স’ শীর্ষক ক্রস-এক্সামিনেশন ডায়ালগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এসব কথা জানানো হয় ৷
মন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি দিয়ে সরকারি প্রশাসন বদলানো যায় না। প্রাতিষ্ঠানিক প্রস্তুতিই সংযোগকে জনকল্যাণে রূপ দেয়।

নতুন প্রযুক্তি চালুর আগে সরকারকে প্রথমে সমস্যাটি বুঝতে হবে, বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পরীক্ষা করে অপ্রয়োজনীয় ধাপ কমাতে হবে, প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করতে হবে এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।
ফকির মাহবুব আনাম তিনটি সক্ষমতার ওপর জোর দেন, সক্ষম প্রতিষ্ঠান স্পষ্ট জবাবদিহি, আন্তঃসংযোগ যোগ্য ডেটা সিস্টেম ও কার্যকর সমন্বয়, দক্ষ জনবল।

নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিকতা, জনগণের আস্থা। শক্তিশালী ডেটা গভর্নেন্স, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা সুরক্ষা ও সহজলভ্য অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা।

মন্ত্রী বলেন, প্রযুক্তি নাগরিককে সরকারি ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে বাধ্য করবে না বরং সরকারি ব্যবস্থাই নাগরিকের সঙ্গে খাপ খাওয়াবে।

অধিবেশনে বাংলাদেশের মন্ত্রীসহ লেসোথোর মন্ত্রী মোয়েকেতসি মোৎসোয়ানে, মৌরিতানিয়ার ব্রাহিম বুলখেইর এবং মেক্সিকোর ক্যারোলিনা প্লাটা লোপেজ অংশগ্রহণ করেন। আজারবাইজানের প্রেসিডেন্টের অধীন পাবলিক সার্ভিস ও সোশ্যাল ইনোভেশনবিষয়ক রাষ্ট্রীয় সংস্থার (এসএপিএসএসআই) উপ-চেয়ারম্যান জেহুন সালমানভ অধিবেশনটি সঞ্চালনা করেন।

তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন