সিলেট

সিলেটে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল, আটক ১২ নেতাকর্মী

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১৪:১৯

সিলেটে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল, আটক ১২ নেতাকর্মী

ছবি সংগৃহীত :

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। ‘সিলেট মহানগর যুবলীগ’-এর ব্যানারে আয়োজিত মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগ, যুবলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— জকিগঞ্জের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২), ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫), মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০), দক্ষিণ সুরমার লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯) এবং রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮)।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সিলেট থেকে আরো পড়ুন