সিলেট

সিলেটে স্টুডেন্ট মেধাবৃত্তির ১৯তম আসর অনুষ্ঠিত, অংশ নিল ৭ শতাধিক শিক্ষার্থী

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ২০:৩১

সিলেটে স্টুডেন্ট মেধাবৃত্তির ১৯তম আসর অনুষ্ঠিত, অংশ নিল ৭ শতাধিক শিক্ষার্থী

ছবি সংগৃহীত :

সিলেটে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি বৃত্তি কার্যক্রম ‘স্টুডেন্ট মেধাবৃত্তি’র ১৯তম আসর। 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর জল্লারপাড় রোডস্থ জামতলায় ‘স্টুডেন্টস হোম স্কুল’ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের চার জেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মেধার বিকাশের মাধ্যমেই একটি উন্নত সমাজ ও সমৃদ্ধ দেশের ভিত্তি রচিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের মেধা পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, আজকের এই খুদে শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার হবে। তাই শৈশব থেকেই তাদের সঠিক পরিচর্যা, উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া আমাদের সবার দায়িত্ব। বেসরকারি পর্যায়ে দীর্ঘ ১৯ বছর ধরে স্টুডেন্ট ফাউন্ডেশন যেভাবে মেধা অন্বেষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সকাল ৯টার আগেই শত শত খুদে শিক্ষার্থীর উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, এবারের বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার দুই শতাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সিলেট নগরীর বিভিন্ন অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, ওসমানীনগর, গোলাপগঞ্জ, কানাইঘাট, বিশ্বনাথ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরসহ বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বির্চাস ইন্সটিটিউট’-এর পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. মোস্তফা শামসুজ্জামান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মো. শামসুল কবির, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সভাপতি মো. শামসুদ্দোহা, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এছাড়াও কেন্দ্র পরিদর্শনে অংশ নেন কারিগরি শিক্ষাবোর্ড আঞ্চলিক কার্যালয় সিলেটের সহকারী পরিদর্শক মো. সেলিম, পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. মঈন উদ্দীন, মেট্রোসিটি প্রি-ক্যাডেটের অধ্যক্ষ মো. শাহেদ হোসেন এবং মেট্রো সিটি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণে স্টুডেন্ট ফাউন্ডেশনের দীর্ঘদিনের ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও নতুন প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সিলেট থেকে আরো পড়ুন