ধর্ম

জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা যাবে কি?

ধর্ম ডেস্ক  :

ধর্ম ডেস্ক :

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১১:০৯

জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা যাবে কি?

ছবি সংগৃহীত :

জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এ দিনের বিশেষ বিধানগুলোর মধ্যে অন্যতম হলো জুমার আজানের পর দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থাকা। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আদব হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে আল্লাহর স্মরণের দিকে মনোনিবেশ করা। আজানের পর দুনিয়াবি কাজ-কর্ম থেকে বিরত থাকা ওয়াজিব বা আবশ্যক। ব্যবসা-বাণিজ্য, কেনাবেচা ও অন্যান্য ব্যস্ততা থেকে বিরত হয়ে মসজিদে যাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কুরআনে এভাবে দিয়েছেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা আল-জুমুআ: আয়াত ৯)

এ আয়াতের নির্দেশ অনুযায়ী, জুমার আজান হওয়ার পর যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের জন্য দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত থাকা এবং কেনাবেচা চালিয়ে যাওয়া জায়েজ নয়। বরং সব কাজ বন্ধ করে খুতবা ও নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়া আবশ্যক কর্তব্য।

সুতরাং জুমার খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে পৌঁছানোর চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উচিত। কোনো কারণে দেরি হয়ে গেলে খুতবা ছুটে গেলেও ইমামের সঙ্গে জুমার নামাজে অংশগ্রহণ করতে হবে। খুতবা না শুনতে পারার কারণে একাই জুমা বাতিল হয়ে যায় না। তবে খুতবা শোনার গুরুত্বপূর্ণ ফজিলত ও সওয়াব থেকে বঞ্চিত হতে হয়।

সুতরাং জুমার আজান হওয়ার পর দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দ্রুত মসজিদে যাওয়া প্রত্যেক জুমার নামাজ আদায়কারীর জন্য আবশ্যক কর্তব্য। তাই পার্থিব ব্যস্ততাকে প্রাধান্য না দিয়ে আল্লাহর নির্দেশ মেনে জুমার খুতবা ও নামাজে অংশগ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার নামাজ ও খুতবার যথাযথ আদব রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।

ধর্ম থেকে আরো পড়ুন